সাতক্ষীরায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কলেজ ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার পর শুক্রবার উপজেলার সুশীলগাতী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান।
গ্রেপ্তার জুলফিকার মোড়ল ওরফে জিসান (১৮) ওই গ্রামেরই বাসিন্দা।
বৃহস্পতিবার করা মামলার বরাতে পুলিশ জানায়, কলেজে ছাত্রীর সঙ্গে জিসানের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করা হয়। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গর্ভের বাচ্চা নষ্ট করার অভিযোগও করা হয়েছে।
ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কলেজ ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
