২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি, একাডেমিক ‘শাটডাউন’ ঘোষণা

অনশন ভঙ্গের পর জামাল উদ্দিনের দাবিতে কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 11:28 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে কর্মবিরতি ও পূর্ণাঙ্গ একাডেমিক ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সোমবার সন্ধ্যায় ১০২ শিক্ষকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার তারা কর্মবিরতি পালন করবেন। এরপরও দাবি মানা না হলে বুধবার থেকে শুরু হবে একাডেমিক ‘শাটডাউন’।

রোববার সন্ধ্যায় পদোন্নতির দাবিতে মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন। প্রায় ২৩ ঘণ্টা অনশনের পর সোমবার বিকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি অনশন ভঙ্গ করেন।

অনশন ভঙ্গের পর শিক্ষকরা ওই দাবিতে কর্মবিরতি ও ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, একজন সহকর্মী অনশনে থাকলে অন্যদের পক্ষে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সংকট সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী চ্যান্সেলরের অনুমোদিত বিধি ছাড়া পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম অবৈধ হতে পারে। এতে ক্লাস, পরীক্ষা ও ডিগ্রি প্রদানসহ পুরো একাডেমিক কার্যক্রম আইনি ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে না ফেলতে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষকদের ভাষ্য, এতদিন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনে ভর্তি, পরীক্ষা, ডিগ্রি প্রদান ও পদোন্নতির কাজ চলছিল। তবে ইউজিসির সাম্প্রতিক নির্দেশনায় এসব কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইনের আওতায় চাকরি, পেনশন, পদোন্নতিসহ সংশ্লিষ্ট বিধিবিধান সংশোধন করে উপাচার্য ও সিন্ডিকেটের অনুমোদন নিতে হবে। এরপর অনুমোদিত সংবিধির ভিত্তিতেই পদোন্নতি কার্যকর করা হবে।