ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর নদে মিলল জেলের লাশ
নির্মল মালোকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী রিনা।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে ভাঙ্গা থানার এসআই মশিউর রহমান জানান।
নিহত নির্মল মালো (৬০) উপজেলার ঘারুয়া গ্ৰামের বাসিন্দা। তিনি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় তার স্ত্রী রিনা মালো সাধারণ ডায়েরি করেছিলেন।
রিনা মালো বলেন, “বুধবার সকালে আমার স্বামী নদীতে মাছ ধরতে জাল নিয়ে বাড়ি থেকে বের হন। দিনশেষে সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার সন্ধান পাইনি আমরা। আজকে বিকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। আমরা গিয়ে লাশ শনাক্ত করি।”
নির্মল মালোকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী রিনা।
এসআই মশিউর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
