Published : 14 Jul 2026, 06:02 PM
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১ এর বিচারক জয়নাল আবেদীন আসামিদের উপস্থিতিতে এই রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম জানান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার গোড়কমণ্ডল গ্রামের কেতাব উদ্দিনের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৮), নুরুন্নাহারের মা ছকিনা বেগম (৬০), বাবা নূর মোহাম্মদ (৬৮) এবং নুরুন্নাহারের প্রেমিক আব্দুল গফুর (৫২)।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০০৬ সালের ১৮ এপ্রিল স্ত্রী নুরুন্নাহার তার স্বামী কেতাব উদ্দিনকে নিয়ে দাওয়াত খেতে পরকীয়া প্রেমিক গফুরের বাড়িতে যান। সেখানে আগে থেকেই কেতাবের শ্বশুর-শাশুড়ি ছিলেন। পরে চারজনে মিলে কেতাব উদ্দিনকে হত্যা করে বাড়ির পাশের জমিতে মরদেহ ফেলে রাখে।
১৯ এপ্রিল কেতাব উদ্দিনের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আইনজীবী তারিকুল ইসলাম বলেন, চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- গাজীবর রহমান, কুমুর উদ্দিন, সহিদুল ইসলাম, নুর হোসেন, হাসেম আলী ও রফিকুল ইসলাম।
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মনোয়ার হোসেন আলো ও শামছুল হক।
মনোয়ারুল হোসেন আলো বলেন, “আমরা এই আদালতে ন্যায়বিচার পাইনি। খুব শিগগির উচ্চ আদালতে যাব।”