১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরিশালে ৩ কনস্টেবল বরখাস্ত

উপ-কমিশনার আব্দুল হান্নান বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 09:11 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি সাড়ে ১৮ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে বরিশাল মহানগর পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (সদরদপ্তর) আব্দুল হান্নান বুধবার বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।

বরখাস্ত হওয়া কনস্টেবলরা হলেন- হিসাব শাখার কম্পিউটার অপারেটর মো. মারুফ হাসান, নন-গেজেটেড ভ্রমণ ব্যয় (টিএ) বিল শাখার জয়দেব কুমার মজুমদার এবং মহানগর আদালতের মো. সজীব মিয়া।

অফিস আদেশে তাদের বিরুদ্ধে ২০২৫-২৬ অর্থবছরে আয়-ব্যয় কর্মকর্তার আইডি ব্যবহার করে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়, বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং পুলিশ লাইন্সে সংযুক্ত থাকবেন। 

উপ-কমিশনার আব্দুল হান্নান বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।