২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল হাসপাতালে অনুপস্থিত কর্মচারীকে ‘ক্লোজড’ করলেন স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রী চিকিৎসকদের হাজিরা খাতাও পরীক্ষা করেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 09:18 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে কর্মস্থলে কর্মচারীকে না পেয়ে ‘ক্লোজড’ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার সকালে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী চিকিৎসকদের হাজিরা খাতাও পরীক্ষা করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, “একজন স্টাফকে অনুপস্থিত পেয়েছি। তিনি টিকিট ক্লার্ক। তাকে ‘ক্লোজড’ করা হয়েছে। ‘ক্লোজড’ করতাম না, কিন্তু তিনি না এসেও এসেছেন বলে জানিয়েছেন।” 

‘ক্লোজড’ হওয়া কর্মচারীর নাম জসীম মাতুব্বর। তিনি ডায়ালাইসিস টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টর (ক্লার্ক) হিসেবে কর্মরত। 

বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল বলেন, “জসীম মাতুব্বরকে ‘ক্লোজড’ করা হয়েছে। তাকে কোথায় সংযুক্ত করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।”