ডেভিল হান্ট: কুমিল্লায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫
এ নিয়ে জেলায় গত সাতদিনে ৬৬ জন গ্রেপ্তার হয়েছেন, বলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)।
অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় আলাদা অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার রাত থেকে রোববার পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে গত সাতদিনে জেলায় ৬৬ জনকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তার সবাই জুলাই আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের বিভিন্ন মামলার আসামি। যাদের বেশিরভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য।
এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমায় আট যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তার ছেলে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার। সালাউদ্দিন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
শনিবার রাতে অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বাবা-ছেলে দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, “অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।”
