নদীতে ডুবে মারা যাওয়া বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
২৯ সেপ্টেম্বর দুপুরে কুলিক নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে নিখোঁজ হন কাউসার।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নদীতে ডুবে মারা যাওয়া এক বাংলাদেশি তরুণের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, সোমবার বিকাল ৫টায় উপজেলার ভাতুরিয়া সীমান্তে ৩৪৭/৩ এস পিলার এলাকার শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরে বিএসএফ লাশটি হস্তান্তর করে।
নিহত ১৮ বছর বয়সী কাউসার আলী উপজেলার ভাতুরিয়া রামপুর গ্রামের রমজান আলীর ছেলে।
২৯ সেপ্টেম্বর দুপুরে সীমান্তের কুলিক নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন কাউসার। এক পর্যায়ে তিনি তলিয়ে যান। কয়েকদিন পর তার মরদেহ নদীর ভারতের অংশে ভেসে ওঠে।
খবর পেয়ে কাউসারের বাবা রমজান আলী বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর দিনাজপুরের ৪২ বিজিবির পক্ষ থেকে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম, দিনাজপুর ৪২ বিজিবির চাপাশার বিওপির কমান্ডার নায়েব সুবেদার শওকত আলী। অপরদিকে ভারতের পক্ষে ছিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার এসআই রক্তিম সিনহা রায়, মহেসগাঁও বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার টি কে সিং।
পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ও দাপ্তরিক কাজ শেষে ২২ দিন লাশ ফেরত দিয়েছে বিএসএফ। কাউসারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
