খাগড়াছড়ির রিছাং ঝরনায় ডুবে কিশোরের মৃত্যু
“কূপের গভীরতা না বুঝেই তারা পানিতে নামে।”
খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র রিছাং ঝরনায় ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মাটিরাঙা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শরীফ জানান, শুক্রবার দুপুরে তার উপজেলার এ ঘটনা ঘটে। বিকালে নিহতের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
মৃত মো. রাকিবের বাড়ি খাগড়াছড়ি জেলা সদরে। সে খাগড়াছড়ি কলজিয়েট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওসি শরীফ বলেন, “শুক্রবার দুপুরে চার বন্ধুর সঙ্গে রাকিব রিছাং ঝরনায় বেড়াতে যায়। এ সময তারা ঝরনার উপরে একটা কূপে গোসল করতে নামে।
“কূপের গভীরতা বেশি হওয়ায় এক পর্যায়ে রাকিব তলিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।”
আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম জানান, বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে রাঙামাটি থেকে ডুবুরি দল গিয়ে রাকিবের লাশ উদ্ধার করে।
তিনি বলেন, “কূপের গভীরতা না বুঝেই তারা পানিতে নামে। সাঁতার না জানায় রাকিবের মৃত্যু হয়।”
