গাজীপুরে ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে’ দগ্ধ ৪
তাদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’
গাজীপুরের চৌরাস্তা এলাকায় ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে’ চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে নাওজোর বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’। তাকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর তিনজনকে পুরুষদের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে ১৯ বছর বয়সি আহাদের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি এমএইচডিইউতে চিকিৎসাধীন। একই ওয়ার্ডে ভর্তি আবদুল্লাহর (১৮) শরীরের ২০ শতাংশ এবং আশরাফুলের (২৬) শরীরের ১৫ শতাংশ পুড়েছে। এছাড়া জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা ২৫ বছর বয়সি নাঈমের শরীরের ৪ শতাংশ পুড়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, গাজীপুরের নাওজোর বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর দগ্ধ চারজনকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনজনের অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তাদের মধ্যে ৫৫ শতাংশ দগ্ধ আহাদের অবস্থা ‘আশঙ্কাজনক’ জানিয়ে তিনি বলেন, সব রোগীকে প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
