২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার জন্মদিন পালন, পুলিশ দেখে কেক রেখে পালালেন ‘ছাত্রলীগ’ নেতারা

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। এক পর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 11:54 AM

Updated : 27 Sep 2026, 12:16 PM

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে জাজিরা উপজেলার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। এক পর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে ২৩ সেপ্টেম্বর জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল করার অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই মিছিলে কয়েকজনকে দেখা যায়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।