২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিত্রাং: সিরাজগঞ্জে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু

মায়ের কোল থেকে নদীতে পড়ে ছেলের মৃত্যু হয়; আর মাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিত্রাং: সিরাজগঞ্জে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 09:46 AM

Updated : 25 Oct 2022, 09:59 AM

সিত্রাংয়ের প্রভাবে ঝড়বৃষ্টির কবলে পড়ে সিরাজগঞ্জের যমুনা নদীর একটি খালে নৌকা ডুবে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন ও শিল্পপার্কের মাঝামাঝি খালে এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান।

মৃতরা হলেন-পূর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার দুই বছরের ছেলে আরাফাত হোসেন।

ওসি মোসাদ্দেক বলেন, শিল্পপার্ক এলাকা থেকে লগি-বৈঠাচালিত একটি ছোট নৌকায় করে আয়েশা ও তার ছেলেসহ ছয়জন পূর্বমোহনপুর ফিরছিলেন। পথে সিত্রাং এর প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

“এ সময় আরাফাত মায়ের কোল থেকে নদীতে পড়ে গিয়ে মারা যায়। আয়েশাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নৌকায় থাকা বাকিরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয় বলে জানান ওসি।