২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঙ্গলের পক্ষে সরলেন নৌকার প্রার্থী, থাকলেন স্ত্রী

“আমার স্বামী গোলাম মোস্তফা দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আমি নির্বাচনের মাঠে আছি, থাকব এবং জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”

লাঙ্গলের পক্ষে সরলেন নৌকার প্রার্থী, থাকলেন স্ত্রী

নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফা ও তার স্ত্রী মার্জিয়া সুলতানা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 10:41 PM

Updated : 17 Dec 2023, 10:41 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনে দলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফা প্রার্থিতা প্রত্যাহার করেছেন। কিন্তু ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করবেন তার স্ত্রী মার্জিয়া সুলতানা।

জলঢাকা উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-৩ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন মার্জিয়া সুলতানা। তিনি জেলা যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসনটিতে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এরপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির সঙ্গে জোটবদ্ধ হওয়া নির্বাচনে আসন ভাগাভাগির কারণে মনোনয়ন থেকে বাদ পড়েন গোলাম মোস্তফা। ওই নির্বাচনে জাতীয় পাটির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।

এবারও জাতীয় পাটির ওই সংসদ সদস্যের অনুকূলে আসনটি ছেড়ে দেওয়ার কারণে প্রার্থিতা প্রত্যাহার করেন গোলাম মোস্তফা।

২৯ নভেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন মার্জিয়া সুলতানা ও তার স্বামী অধ্যাপক গোলাম মোস্তফা।   

৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাইকালে গোলাম মোস্তফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলেও মার্জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করলে তিনি প্রার্থিতা ফিরে পান।

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন অধ্যাপক গোলাম মোস্তফা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী অধ্যাপক আজিজুল ইসলাম। তবে প্রার্থিতা প্রত্যাহার করেননি মার্জিয়া সুলতানা।

ওই আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচনের মাঠে রইলেন নয় প্রার্থী।

এর মধ্যে চারজন আওয়ামী লীগের নেতাও রয়েছেন; যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। আওয়ামী লীগের অপর তিনজন হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামিম, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুকুম আলী খান।

এদিকে জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে থাকা ২৭ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী মার্জিয়া সুলতানা।

জাতীয় পাটির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ওই আসনের জাতীয় পাটির সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পাটির উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী ফারুক কাদের। জাতীয় পাটির মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।

আসনটির অন্যান্য প্রার্থীরা হলেন- মো. খলিলুর রহমান (তৃণমূল বিএনপি), মো. মোজাম্মেল হক (গণতান্ত্রিক পাটি), বাদশা আলমগীর (বাংলাদেশ কল্যাণ পার্টি)।

এ বিষয়ে কথা বললে মার্জিয়া সুলতানা বলেন, “এ আসনে নয় প্রার্থীর মধ্যে আমি একমাত্র নারী প্রার্থী। নারী ভোটাররা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এ ছাড়া আমি দীর্ঘদিন রাজনীতির মাঠে আছি।

“কলেজের সাবেক শিক্ষক হিসেবে আমার অনেক শিক্ষার্থী, অভিভাবকসহ শুভাকাঙ্ক্ষী রয়েছেন। আমার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি নির্বাচনি এলাকায়।”

তিনি আরও বলেন, “এ আসনে আমার স্বামী গোলাম মোস্তফা একজন সফল সংসদ সদস্য ছিলেন। দুইবার দলীয় মনোনয়ন পাওয়ার পরেও দলীয় সিদ্ধান্তে প্রত্যাহার করেছেন। আমি নির্বাচনের মাঠে আছি, থাকবো, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”