২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগরের ছাত্রীর মৃত্যু, উপাচার্যের শোক

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই অমি মারা যান। তার স্বামী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

নিহত ফারহানা ওয়াহেদ অমি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২০-২০২১) শিক্ষার্থী। 

তার পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন অমি । সকাল ৯টার দিকে মেহেরপুরের ফতেহপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই অমি মারা যান। তার স্বামী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। 

এক শোকবার্তায় তিনি বলেন, “ফারহানা ওয়াহেদ অমির অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ও সম্ভাবনাময়ী শিক্ষার্থীকে হারালো। তাঁর পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এছাড়া অমির জীবনসঙ্গীর দ্রুত সুস্থতা কামনাও করেন উপাচার্য।