২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনে সাজছে পতিসর

শুক্রবার নওগাঁর কালিগ্রাম পরগনার পতিসরে রবীন্দ্র জন্মোৎসব হবে। এ উপলক্ষে সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 07:45 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি এলাকা নওগাঁর কালিগ্রাম পরগনার পতিসরে তার ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।

তিনি বলেন, উৎসব ঘিরে পতিসরের কাচারি বাড়ি ও আশপাশের এলাকা সাজানো হচ্ছে। দর্শনার্থীদের জন্য কাচারি বাড়ি উন্মুক্ত থাকবে। কবির ব্যবহৃত জিনিসপত্র, ছবি, হাতে লেখা পত্র, কবিতা ও শিল্পকর্ম প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া প্রস্তুত করা হচ্ছে দেবেন্দ্র মঞ্চ।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাচারি বাড়ির সামনে নাগর নদের তীরে গ্রামীণ মেলা।

আয়োজনে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভূমিমন্ত্রী মিজানুর হমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

স্থানীয় রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক মতিউর রহমান মামুন এবং রথীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, প্রতি বছরের মত এবারও রবীন্দ্র জন্মোৎসবকে ঘিরে ভক্তদের ভিড় বাড়বে। তারা পতিসরে একটি রবীন্দ্র জাদুঘর স্থাপন এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানাবেন।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, জন্মোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সালে জমিদারি দায়িত্ব পাওয়ার পর প্রথম পতিসরে আসেন। পরবর্তীতে তিনি একাধিকবার এখানে আসা-যাওয়া করেন। ১৯৩৭ সালে তিনি শেষবারের মত পতিসর আসেন।