২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে গরু বিক্রির ফাঁদে ফেলে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

অজ্ঞাত নম্বর থেকে ফোন করে গরু বিক্রির কথা বলে কুমারখালী বাজারে যেতে বলা হয়। এরপর গরু কেনাবেচার নগদ দুই লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 08:57 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় গরু বিক্রির কথা বলে ডেকে এনে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ দুই লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ ওঠেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কুমারখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওসি আরিফুল আলম।

ব্যবসায়ী মামুন হাওলাদার নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে গরু জবাই ও মাংস বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তিনি নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ওসি আরিফুল আলম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগে বলা হয়, দুপুরে মামুন হাওলাদারের সহযোগী আনছার হাওলাদারের মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনে গরু বিক্রির কথা বলে দ্রুত কুমারখালী বাজারে যেতে বলা হয়।

পরে মামুন হাওলাদার, ইলিয়াস হাওলাদার ও আনছার হাওলাদার সেখানে গেলে বাজারের উত্তর পাশে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ-ছয় ব্যক্তি তাদের ঘিরে ফেলে।

তারা নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায় এবং মারধর শুরু করে। একপর্যায়ে মামুন হাওলাদারের কাছে থাকা গরু কেনাবেচার নগদ দুই লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তিরা তাদেরও ভয় দেখিয়ে সরিয়ে দেয়।

মামুন হাওলাদার বলেন, টাকা ফেরত চাইলে তাকে মারধর করা হয়। পরে তাকে নদীর চরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে আনছার হাওলাদার অসুস্থ হয়ে পড়লে এবং স্থানীয় লোকজন জড়ো হলে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।