Published : 02 Dec 2025, 12:10 PM
মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণার পর মানিকগঞ্জে এক ‘মাদক কারবারি’সহ তিন জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
তারা হলেন- হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের দুলালের ছেলে ২৭ বছর বয়সী আরিফ, সদর উপজেলার কলাশী এলাকার আফসারের ছেলে সাগর ও শিবালয় উপজেলার নালী এলাকার মিঠু মোল্লা।
সোমবার রাত ১০টার দিকে হরিরামপুর উপজেলা ও সদর উপজেলার সীমান্ত এলাকা খাবাশপুরে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার এসআই এমদাদুল ইসলাম জানান।
এসআই বলেন, “মাদক মামলার আসামি আরিফ খাবাশপুর চক থেকে দৌড়ে হরিরামপুর উপজেলার সট্টি গ্রামের এক বাড়িতে উঠে। এ সময় ওই বাড়ির লোকজন ডাকাত পরেছে বলে আতঙ্কে চিৎকার শুরু করে।
“তখন মাদক কারবারির আরেক পক্ষ ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দেয়। এ সময় তিন জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। রাত সাড়ে দশটার দিকে হরিরামপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”
পরে রাত ১টার দিকে সদর থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের লোকজন ওই তিনজনকে নিয়ে যায়। মূলত মাদক বিক্রিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এসআই এমদাদুল ইসলাম বলেন, আরিফের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা রয়েছে। সে জামিনে রয়েছে। আরিফ বেশি আহত হয়েছেন। সাগর ও মিঠু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।