২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, ট্রাকে অগ্নিসংযোগ

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয় বলে জানায় পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 07:28 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। 

বুধবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয় বলে জানান পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী।

নিহতরা হলেন- চারঘাট উপজেলার মৌগাছী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কাওসার আলী (৩৫) এবং তার সাত বছর বয়সী ছেলে রেদওয়ান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে কাওসার তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বানেশ্বর কলাহাটা এলাকা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

ওসি মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে ড্রাম ট্রাকসহ ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনার পর অভিযান আরও জোরদার করা হবে।