কক্সবাজারে বাইক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যু
মেরিন ড্রাইভে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়া উপজেলার মেরিন ড্রাইভে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অস্ট্রেলিয়ান এক নাগরিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন দুই পথচারী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আরিফ হোছাইন।
নিহত ড্যানিয়েল পল মেগ্রিন (৪৯) অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি কক্সবাজারে আন্তর্জাতিক একটি সংস্থায় কর্মরত বলে তথ্য পাওয়া গেলেও সংস্থাটির নাম জানা যায়নি।
তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই তারা চলে যান।
স্থানীয়দের বরাতে ওসি আরিফ হোছাইন বলেন, বিকালে ড্যানিয়েল পল মোটরসাইকেল চালিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। পথে বেলী শ্রীম্প হ্যাচারির সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান; মোটরসাইকেলের ধাক্কায় দুই পথচারী আহত হন বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
