বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত, আহত ৩
স্থানীয়রা তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন তিনজন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার কুন্দারহাট এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত জানান।
নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অটোরিকশার চালক আরাফাত হোসেন (২২) এবং বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, যাত্রী নিয়ে অটোরিকশাটি নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি নাটোরের দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী হাওয়া বেগম মারা যান।
ওসি নির্মল চন্দ্র বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রয়েছে।
