Published : 06 Jun 2026, 08:25 PM
জামালপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান।
নিহত আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা আব্দুস সালামের মধ্যে বিরোধ চলছিলো। দুপুরে ওই জমির ধান কেটে মাড়াই করতে যান আব্দুল হক।
এতে ক্ষিপ্ত হয়ে আব্দুস সালাম তার লোকজন নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের উপর হামলা চালায়। হামলায় আব্দুল হক দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার স্ত্রী জুলেখা বেগম।
ওসি নাজমুস সাকিব বলেন, পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।