Published : 22 Jun 2026, 07:34 PM
রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের মুগুরের আঘাতে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে বলে পুলিশ অভিযোগ পেয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম।
নিহত রেজাউল করিম (৬০) পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। তার ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রাকিবুলের সঙ্গে তার মা-বাবার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে বাবার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
এতে রেজাউল করিম আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর রাকিবুল বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি মনিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে বাবাকে মুগুর দিয়ে আঘাত করার তথ্য পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং রাকিবুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।