সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যায় পুত্রবধূর যাবজ্জীবন
আদালতের পিপি জানান, রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে; যা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাবাসে থাকতে হবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন বলে আদালতের পিপি আব্দুর রহমান জানান।
রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে; যা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাবাসে থাকতে হবে।
সাজাপ্রাপ্ত নজিরন খাতুন (৩৯) জেলার সলঙ্গা নাইমুড়ি গ্রামের শাহ আলমের স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, বিয়ের পর থেকেই নজিরনের সঙ্গে শাশুড়ি আমেনা বেগমের ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বাড়িতে অন্যদের অনুপস্থিতিতে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে নজিরন তার শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করেন।
পিপি আব্দুর রহমান জানান, এ ঘটনায় নজিরন খাতুনের শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলার শুনানিতে মোট ১৫ জন আদালতে সাক্ষ্য দেন।
