খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নরসিংদীতে ইমাম ও ওলামা-মাশায়েখদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।
এতে নরসিংদী-১ (সদর) নির্বাচনি এলাকার বিভিন্ন মসজিদের চার শতাধিক ইমাম ও ওলামা- মাশায়েখ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি বলেন, “বিভিন্ন ইসলামী দল তাদের প্রতীকে ভোট দিলে জান্নাতবাসী হবেন বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব বিভ্রান্তি করা ঠিক না। আমি যদি সংসদে যেতে পারি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি তুলব। বিগত ফ্যাসিস্ট সরকার গ্রেপ্তার করে ইমাম-ওলামাদের অজুর পানি পর্যন্ত দেয়নি। ২০১৩ সালে জালিম সরকার শাপলা চত্বরে অন্যায়ের প্রতিবাদ করতে যাওয়া আলেম-ওলামাদের রক্তের বন্যা বয়ে দিয়েছিল।”
জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. রবিউল আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. নোমান আহমেদ, জেলা ওলামা দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা মো. আলতাফ হোসেন, সদস্যসচিব মো. নুরুজ্জামান মোল্লা, মাওলানা মজিবর রহমান, মাওলানা আলী আজগর, জেলা ফতোয়া বোর্ডের চেয়ারম্যান মোস্তফা সারোয়ার।
