২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মোটরসাইকেল কেনার আনন্দে ঘুরতে বেরিয়ে পথে গেল ২ বন্ধুর প্রাণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলায় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

নতুন মোটরসাইকেল কেনার আনন্দে ঘুরতে বেরিয়ে পথে গেল ২ বন্ধুর প্রাণ
নিহত রিজওয়ান আহমেদ শামিম এবং নাজমুল হোসেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 08:31 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

নতুন মোটরসাইকেল কেনার আনন্দ মুহূর্তেই পরিণত হল মৃত্যু ফাঁদে। একদিন আগে কেনা মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ঝরে গেল দুই তরুণ বন্ধুর প্রাণ।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে জানান ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন। 

নিহতরা হলেন- উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮) এবং একই এলাকার কাদের প্রধানের ছেলে নাজমুল হোসেন (২৩)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

ওসি রুহুল আমিন বলেন, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায় শামিম ও নাজমুল। ফেরার পথে মহাসড়কের খাদঘর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

শামিমের এলাকার বাসিন্দা মো. এরশাদুল হক বলেন, “নতুন মোটরসাইকেল কেনার আনন্দে বের হয়েছিল দুই বন্ধু। দাউদকান্দি উপজেলার নতুন বাজারে এক নামকরা দোকানে চা খেতে যান তারা। চা খেয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

“আগের দিনই শামিম মোটরসাইকেলটা কিনেছিলেন। কে জানত সেই বাইকেই ওদের শেষ যাত্রা হবে।”

দুই তরুণের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন তাদের বাবা-মা, আত্মীয়স্বজন ও বন্ধুরা। গ্রামের মানুষ বলছেন, চোখের সামনে এক মুহূর্তে ঝরে গেল দুটি প্রাণ। নতুন মোটরসাইকেল কেনার আনন্দই যে এমন মৃত্যু বার্তা নিয়ে আসবে, তা কেউ কল্পনাও করেনি।

ওসি রুহুল আমিন বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।