২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে নিহত ভোলার শাজাহানের নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি

প্রসূতি মাকে ফুলেল শুভেচ্ছা জানানো পাশাপাশি উপহার ও আর্থিক সহায়তা করেন ডিসি।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 12:24 AM

Updated : 26 Aug 2026, 11:13 AM

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ভোলার শাহজাহানের নবজাতকের দায়িত্ব নিয়েছেন ডিসি মো. আজাদ জাহান।

শনিবার সকালে ভোলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে নবজাতককে দেখতে যান তিনি।

তখন ডিসি অভিভাবক হিসেবে শিশুটির পাশে থাকার ঘোষণা দেন।

এর আগে শুক্রবার বিকালে শহরের এশিয়া ডক্টরস পয়েন্টে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন শাহজাহানের স্ত্রী ফাতেমা বেগম। তাৎক্ষণিক শিশুটির নাম রাখা হয় ওমর ফারুক।

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের মো. শাজাহান ঢাকায় পাপোশ বিক্রি করতেন। 

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে গুলিতে নিহত হন তিনি। তখন তার স্ত্রী ফাতেমা ছিলেন চার মাসের অন্তঃস্বত্ত্বা।

শনিবার সকালে নবজাতকের জন্ম নেওয়ার খবরে বৈষম্যবিরোধী আন্দোলনে ভোলার সমন্বয়কদের নিয়ে ক্লিনিকে ছুটে যান ডিসি মো. আজাদ জাহান। 

শিশুটির মাকে ফুলেল শুভেচ্ছা জানানো পাশাপাশি উপহার ও আর্থিক সহায়তা করেন তিনি। 

পরে ডিসি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে ভোলায় ৪৬ জন শহীদ হয়েছেন। তার মধ্যে শাজাহান অন্যতম। শুরু থেকেই আমরা শহীদ শাজাহানের অসুস্থ স্ত্রীর পাশে ছিলাম, জেলা প্রশাসন থেকে অনুদানও দেওয়া হয়েছে। 

“এখন নবজাতকের দায়িত্ব আমরা নিয়েছি, তাদের পাশে থাকব। একইসঙ্গে সরকারের সহযোগিতাও থাকবে।”

ভোলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাহিম ইসলাম ও কামরুন নাহার এনি বলেন, শাহজাহানের ছেলের পাশে তারা আছেন, ভবিষ্যতেও খোঁজ-খবর রাখবেন। 

ফাতেমা বেগম বলেন, অনাগত সন্তানকে নিয়ে শাজাহানের স্বপ্ন ছিল অনেক। আজ সন্তান জন্ম নিলেও ছেলের মুখ দেখে যেতে পারলেন না বাবা। 

সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা প্রশাসন সব সময় যেন তার সন্তানের পাশে থাকে এমনটাই প্রত্যাশা স্বজনদের।

এদিকে, প্রসূতি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান ওই ক্লিনিকের চিকিৎসক আফরোজা বেগম। 

তিনি বলেন, “আমরা তাদের পর্যবেক্ষণ করছি, আপাতত কোনো সমস্যা নেই।”