দোষীদের বিচার হতেই হবে: সারজিস আলম
জেলা-উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রায় দুই ঘন্টার আলোচনা অংশ নেন তারা।
দোষীদের বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেছেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য আন্দোলনে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে প্রমাণ আছে, যে কোনোভাবে তাদের অবশ্যই বিচার হতে হবে।”
রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির একটি কক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিমিয়কালে এসব কথা বলেন তিনি।
ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রসঙ্গে সারজিস বলেন, “মামলায় অনেক সময় নির্দোষ মানুষের নাম উঠে আসার কথা শোনা যাচ্ছে, তারা হয়রানি হচ্ছেন। কেউ কেউ মামলায় নাম দেওয়া, নাম কাটা নিয়ে টাকার ব্যবসাও করছেন। আপনারা শুধু এটুকু খেয়াল রাখবেন, আমাদের যে ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের নামটি যেন এইভাবে অপব্যবহার না হয়।”
মতবিনিময় সভায় ঢাকার ধামরাইয়ে ছাত্র আন্দোলনে নিহত সাদ ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় নিহত রফিকের পরিবার ছাড়াও বেশ কয়েকজন আহত শিক্ষার্থী ছিলেন। যারা আন্দোলনের অভিজ্ঞতা ও পুলিশের ভূমিকা নিয়ে ব্যক্তিগতভাবে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন।
এর আগে রোববার বেলা ১১টার দিকে সারজিস আলমসহ ১০ জনের একটি সমন্বয়ক দল জেলা শিল্পকলা একাডেমিতে এসে পৌঁছান।
এরপর জেলা-উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রায় দুই ঘন্টার আলোচনা অংশ নেন।
পরে দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জের শহীদ পরিবার ও আন্দোলনে আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকাল চারটায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আরেকটি মতবিনিময় সভা হয়।
