পাবনায় বিএনপির দুপক্ষের গোলাগুলির পর ১০ নেতাকর্মী বহিষ্কার
সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব রউফের সমর্থকদের সঙ্গে সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খানের সমর্থকদের এই সংঘর্ষ হয়।
পাবনার সুজানগরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার তাদের বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ, সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খাঁ, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল উদ্দিন শেখ, সুজানগর পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রুহুল খাঁ, বিএনপি নেতা লেবু খাঁ, পৌর যুবদলের সদস্য মানিক খাঁ, যুবদল নেতা মনজেদ শেখ, যুবদল কর্মী হালিম শেখ, উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার ও সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খাঁ।
সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান শুক্রবার বলেন, একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে বুধবার দুপুরে পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।
এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের সমর্থকরা সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খানের সমর্থক সবুজ খানকে ছুরিকাঘাত করে। এতে ১৫ জন আহত হয়।
এ ঘটনায় গোটা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করার পাশাপাশি জনমনে আতঙ্ক দেখা দেয়। এ পরিস্থিতিতে দলীয় স্বার্থে তথা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য নেতাকর্মীদের বহিষ্কার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সুজানগর থানার ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি, ফলে কাউকে আটকও করা হয়নি।
