২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী-স্ত্রী-সন্তানদের পিটিয়ে ঘর তৈরির ৫ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ

চোরদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন টাকার মালিক।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 11:14 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গৃহকর্তা, তার স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে গৃহ নির্মাণের জন্য রাখা পাঁচ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন বলে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান।

আহতরা হলেন, ওই গ্রামের মো. নুরুল ইসলাম ফকির, তার স্ত্রী হাওয়া বেগম, মেয়ে রেখা আক্তার ও রীমা আক্তার।

এ বিষয়ে শুক্রবার সকালে নূর ইসলাম চারজনের নামে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

ওসি বলেন, লিখিত অভিযোগ পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়।   

অভিযোগে বলা হয়, শুক্রবার ভোরের দিকে হাওয়া বেগম ফজরের নামাজ আদায়ের জন্য অজু করতে বাইরে বের হন। ঘরে তখনও মেয়ে রেখা ও রিমা ঘুমাচ্ছিলেন। দরজা খোলা পেয়ে চোরেরা ঘরে ঢুকে। কৃষক নুরুল ইসলাম নতুন ঘর নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা ঘরের এক স্থানে ব্যাগ রেখে ছিলেন। 

চোরেরা টাকার সেই ব্যাগ নিয়ে পালানোর সময় শব্দ শুনে ঘুম ভেঙে যায় রেখা ও রিমা আক্তারের। তখন দুই বোন চিৎকার শুরু করেন।   

চিৎকার শুনে হাওয়া বেগম, বাড়ির অন্য ঘরে থাকা নুরুল ইসলাম, ছেলে নূর আলম ছুটে গিয়ে চোরদের ধাওয়া দেন। 

তখন চোরেরা নুরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। এতে নুরুল ইসলাম, তার স্ত্রী ও দুই মেয়ে আহত হন। পরে তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

নূরুল ইসলাম বলেন, “আমি ও আমার ছেলে নুর আলম বাড়ির বাংলা ঘরে ঘুমাই। ভোরে মেয়েদের ডাক-চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। গিয়ে দেখি, এলাকার চিহ্নিত চোরের দল নতুন ঘর নির্মাণের জন্য রাখা পাঁচ লাখ টাকার ব্যাগ ও একটি মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন বাধা দিলে চোরেরা আমাদের মারপিট করে পালিয়ে যায়। তাদের চিনতে পেরেছি। নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”