২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসু: ভোট দিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, চাইছেন ভালো কিছু হোক

“৩৩ বছর পর ভোট হতে যাচ্ছে। বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার যে ধারা শুরু হয়েছে, সেটি চলমান থাকবে বলে আশা করছি। ”

বিডিনিউজ২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়. মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 02:35 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনে ভোট দিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসেবের আমেজ।    

ভোটাররা প্রত্যাশা করছেন, নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা সুবিধা, মেডিকেল সেবা, পরিবহন সংকট, লাইব্রেরি ও ল্যাব উন্নয়ন এবং ক্যাম্পাসের বিভিন্ন সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর। দিনের শুরুতে কেন্দ্রের বাইরে ভোটার উপস্থিতিও তেমন দেখা যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ভবনের ২১টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরুর কথা ছিল। কিন্তু ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম এনে ভোটগ্রহণ শুরু করতে করতে ১৫ থেকে ২০ মিনিট সময় পেরিয়ে যায়। 

নিয়ম অনুযায়ী সাংবাদিকদের সামনে খালি ব্যালট বাক্স দেখিয়ে তারপর সিলগালা করে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়।

ভোট শুরুর পর তাজউদ্দিন হলের ভোটার আশিষ হালদার (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) বলেন, “ক্যাম্পাসে শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি, গবেষণা, লাইব্রেরি, ল্যাব ও পরিবেশগত সুবিধাগুলোর উন্নয়নেও কাজ করবেন, এমন প্রার্থী নির্বাচিত হবে বলে আশা রাখছি।”

নগর ও আঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শাহিন আলম বলেন, “৩৩ বছর পর জাকসু হচ্ছে। বিজয়ীরা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবেন। 

“বিশেষ করে মেডিকেল সেবা, পরিবহন সংকট সমাধান, ক্লাসরুম ও ক্যাম্পাসের ইকোলজি সংরক্ষণসহ বাস্তব সমস্যাগুলো নিয়ে কাজ করবেন বলে আশা রাখছি।”

আলরেরুনি হল কেন্দ্রের হলে ভোটর মো. আলামিন বলেন, “ভোটের পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে। বৃষ্টির কারণে ভোটারদের আসতে একটু ডিলে হচ্ছে। অনেকে ঢাকার থাকে, তাদের আসতে একটু লেইট হচ্ছে। 

“তবে এওখনও কোনো বিশৃঙ্খলা চোখে পড়ে নাই। ভেতরের কার্যক্রম সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে এখানকার সার্ভিক পরিস্থিতি ভালো।” 

প্রথমবার জাকসু নির্বাচনে ভোট দিতে পেরে খুবই আনন্দিত বলে জানান আলামিন।    

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রের ভোটার মাহবুবুল হাসান মারুফ বলেন, “৩৩ বছর পর ভোট হতে যাচ্ছে। বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার যে ধারা শুরু হয়েছে, সেটি চলমান থাকবে বলে আশা করছি। 

“বিজয়ীরা যেন একসঙ্গে কাজ করেন, সে প্রত্যাশা করছি।”

একই কেন্দ্রের ভোটার রিয়াজুল ইসলাম বলেন, “আমি আশা করছি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তবে কোনো গোষ্ঠী যদি নিজেদের স্বার্থে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে।”