রাজবাড়ীতে ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ১
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর পাংশায় ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনা মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ জানিয়েছেন।
নিহত মেহেদী হাসান বাবুপাড়া গ্রামের মিরাজ হোসেনের ছেলে।
আহত আব্দুর রাজ্জাক হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মাসুদুর রহমান বলেন, “দুজনই একটি টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন। সকালে পাংশা থেকে ভ্যানে করে মাছপাড়া বাজারে যাচ্ছিল তারা।
“পথে কুষ্টিয়াগামী একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পরপরই চালক ট্রাকসহ পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
