খালি বোতল নিয়ে সাঁতার শিখতে নেমে প্রাণ গেল ভাইবোনের
একপর্যায়ে দুজনই বোতল থেকে ছিটকে পানিতে তলিয়ে যায়।
পাঁচ লিটারের তেলের খালি বোতল দিয়ে পুকুরে সাঁতার শেখার সময় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দেবিদ্বার পৌর শহরের ছোট আলমপুর এলাকার দাসবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর।
নিহতরা হলো- দেবিদ্বার পৌরসভার পুরাতন বাজারের মাদ্রাসাপাড়া এলাকার মো. সুমন মিয়ার মেয়ে মারিয়া আক্তার (১২) এবং উপজেলার রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী মারুফ সরকারের ছেলে মো. মিরাজ সরকার (৫)। তারা সম্পর্কে খালাতো ভাইবোন।
তাদের পরিবার ছোট আলমপুর এলাকার ভাড়া বাসায় বসবাস করে। মারিয়া দেবিদ্বারের মফিজ উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে একটি বোতল নিয়ে ভাইবোন পুকুরে সাঁতার শিখতে নামে। একপর্যায়ে দুজনই বোতল থেকে ছিটকে পানিতে তলিয়ে যায়।
প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয় আবুল কালাম পানির নিচ থেকে তাদের উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
মারিয়ার বাবা সুমন মিয়া বলেন, “আমার কাছে বলে গেল বোতল নিয়ে সাঁতার শিখতে যাবে। এরপর ওদের পুকুরে দেখতে না পেয়ে কালামকে পানিতে নামিয়ে দেই। ও তাদের উদ্ধার করে। আমি এখন কী নিয়ে বাঁচব?”
