১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ফুলজোড় নদী থেকে দুই লাশ উদ্ধার

স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 02:00 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদী থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে রায়গঞ্জ উপজেলার চরফরিদপুর গ্রাম থেকে একজনের এবং উল্লাপাড়া উপজেলার চকিদহ সেতুর নিচ থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।  

মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- রায়গঞ্জ উপজেলার চরফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে গরু ব্যাপারী ৪৫ বছর বয়সী আব্দুল লতিফ।

সলঙ্গা থানার পরির্দশক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, আব্দুল লতিফ গরু কেনাবেচা করতেন। গত রোববার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তার হদিস মেলেনি।

“সকালে চরফরিদপুর গ্রামের বাড়ির পাশে ফুলজোড় নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।”

পরিদর্শক মনোজিৎ নন্দী বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লাপাড়া থানার ওসি একরামুল হোসাইন বলেন, “সকাল ১০টার সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চকিদহ ব্রিজের নিচে ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে আনুমানিক ৩৬ থেকে ৩৭ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

নিহতের পরনে নীল রঙের লুঙ্গি ও কমলা রঙের জ্যাকেট রয়েছে জানিয়ে ওসি বলেন, “ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোন এক সময় তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।”