২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

“টিভিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছি। আজ প্রথম সরাসরি এই খেলা দেখলাম। অসম্ভব ভালো লেগেছে”, বলেন এক দর্শক।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 10:07 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

পঞ্চগড়ের বোদা উপজেলায় হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। জনপ্রিয় এই প্রতিযোগিতা দেখতে মাঠে ঢল নামে হাজারো মানুষের।

সোমবার পৌর এলাকার জমাদারপাড়া, সিপাইপাড়া, কুড়ালীপাড়া, দাড়িপাড়া, হাজীপুর, সর্দারপাড়া ও প্রামানিকপাড়া এলাকাবাসীর ব্যানারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

জমাদারপাড়া ফসলি মাঠে (কান্দরে) ঘোড়দৌড় প্রতিযোগিতায় পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলাসহ আশপাশের ২০ জন ঘোড়সওয়ার নিজ নিজ ঘোড়া নিয়ে তিনটি গ্রুপে অংশ নেন। জনপ্রিয় এই প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সি মানুষ সমবেত হন।

ঘোড়দৌড় চলাকালে হাজার হাজার জনতার করতালি আর তাদের আবেগ ঘন বাক্যে উৎসাহ উদ্দীপনায় এক অন্যরকম আবহের সৃষ্টি হয়। গ্রামের বৃদ্ধ, বনিতা ও শিশুরা উৎসবের মত আনন্দ উপভোগ করেন।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় সুজন প্রথম, রাজন দ্বিতীয় ও রাম কণ্ঠ তৃতীয় স্থান অধিকার করেন।

ঘোড়দৌড় দেখতে আসা রওশন আরা নামের এক তরুণী বলেন, “টিভিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছি। আজ প্রথম সরাসরি এই খেলা দেখলাম। অসম্ভব ভালো লেগেছে। আয়োজকদের অনেক ধন্যবাদ।”

পরিবারসহ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছেন মনি আক্তার আরা। তিনি বলেন, “গ্রামে এমন আয়োজন দেখে খুব ভালো লাগল। প্রতিবছর এমন আয়োজন করলে আমরা আনন্দের সঙ্গে উপভোগ করতে পারি।”

আয়োজক কমিটির সভাপতি বোদা পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতে এই প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে।

ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে জমিদারপাড়া গ্রামের কৃষি মাঠে (কান্দরে) বসেছিল খানাপিনা, ভাপাসহ নানান পিঠার পসরা, মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা। সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি সবাই।

খেলা শেষে বিজয়ী ঘোড়সওয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব মো. ফরহাদ হোসেন আজাদ।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার নজির, বোদা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ তারা, সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিম্ময় এবং বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।