২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপনি কত বড় সাংবাদিক, আমার চোখের সামনে পইড়েন’

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, “সে আমার বিরুদ্ধে মিথ্যা কথা লেখালেখি করছে। তাই তাকে ফোন করে এসব না করার জন্য বলেছি।”

‘আপনি কত বড় সাংবাদিক, আমার চোখের সামনে পইড়েন’
নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 09:12 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।  

অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকমের উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় বুধবার রাতে ভেদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

তাতে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন।

ভেদরগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান বলেন, “এক সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে জিডি করা হয়েছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। 

তাতে বিএনপি নেতাকে সাংবাদিকের উদ্দেশে বলতে শোনা যায়, “আপনি কত বড় সাংবাদিক, আমার চোখের সামনে পইড়েন। নড়িয়াতে আমার হাত দিয়া বিএনপির কোনো মামলা হলে আপনি প্রত্যেকটি মামলার আসামি হবেন নিশ্চিত থাকেন। আপনি আমার বিরুদ্ধে নিউজ করেন?”

জিডিতে বলা হয়েছে, নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দ বাংলাবাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বিএনপি নেতা মতিউর রহমান সাগর। সম্প্রতি তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়ম এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেলে উপজেলা খাদ্য কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেন।

এদিকে নড়িয়া উপজেলা খাদ্য কর্মকর্তা বিএনপি নেতা মতিউর রহমান সাগরের গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম পেয়ে তাকে জরিমানা করেন। 

এ ছাড়া অনিয়মের সত্যতা পেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন পাঠান ইউএনও। এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর মতিউর রহমান সাগরের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদপ্তর।

এরপর ৬ অক্টোবর বিএনপি নেতা মতিউর রহমান সাগর ইউএনওর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে বিভাগীয় কমিশনারের কাছে একটি চিঠি দেন। তাতে তিনি বলেন, ইউএনও আব্দুল কাইয়ুম খান তার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ চেয়েছেন এবং দুই লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। 

এসব নিয়ে সাংবাদিক আশিকুর রহমান হৃদয় মঙ্গলবার অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে একটি প্রতিবেদন প্রকাশ করেন। তাতে ক্ষুব্ধ হন বিএনপি নেতা মতিউর রহমান সাগর।

মঙ্গলবার রাতে বিএনপি নেতা মতিউর রহমান সাগর হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও রাজনৈতিক মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে অভিযোগ করেন সাংবাদিক আশিকুর রহমান হৃদয়। 

তিনি বলেন, “মতিউর রহমান সাগরের প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ইউএনওর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। আমি ঘটনা দুটি পর্যালোচনা করে সংবাদ প্রকাশ করায় আমাকে হুমকি-ধামকি দিয়েছেন।

“মতিউর রহমান সাগর আমাকে সামনে পেলে দেখে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক মামলায় জড়ানোর হুমকি দিয়েছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় জিডি করেছি। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।”

এ ব্যাপারে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, “আমি সাংবাদিক হিসেবে কাউকে কোনো হুমকি দেইনি। গালিগালাজও করিনি। আশিকুর রহমান যাত্রাবাড়ীতে ছাত্রলীগ করত। সে এখন আমার বিরুদ্ধে মিথ্যা কথা লেখালেখি করছে। তাই তাকে ফোন করে এসব না করার জন্য বলেছি। সে কোনো সাংবাদিক না, সে ছাত্রলীগ নেতা।”

নড়িয়ার ইউএনও আব্দুল কাইয়ুম খান বলেন, “মতিউর রহমান সাগর নামের এক ব্যক্তির খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়মের সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়। খাদ্য অধিদপ্তর থেকে তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। 

“এসব ঘটনা নিয়ে তিনি আমার উপরে ক্ষুব্ধ হয়েছেন। জানতে পেরেছি, তিনি আমার বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি অভিযোগ করেছেন। যদি বিভাগীয় কমিশনার স্যারের কাছে এ অভিযোগ করা হয়, তাহলে তারা তদন্ত করে দেখবেন। আশা করি, আপনারাও তখন জানতে পারবেন।”