ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত
গত কয়েক দিন ধরে সেখানে উত্তেজনা চলছিল, বলেন ওসি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ১৫ জন।
রোববার বিকালে সরাইলের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আরফোজ মিয়া (৫৫) গ্রামের দক্ষিণ পাড়ার ফুল মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন বলেছেন, দেওড়া গ্রামের ধন মিয়া ও কালা মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কালা মিয়া পক্ষের একজনের বল্লমের আঘাতে ধন মিয়া পক্ষের আরফোজ মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতরা অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
তারা বলছেন, গ্রামের ওই দুই পক্ষের মধ্যে ১৭ নভেম্বর থেকেই উত্তেজনা চলছিল। পরে সালিশে বসে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। কিন্তু এরই মধ্যে বিকালে কালা মিয়ার পক্ষ ধন মিয়া পক্ষের ওপর হামলা করে।
এ বিষয়ে সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরে সেখানে উত্তেজনা চলছিল। এর জের ধরেই আজকের ঘটনাটি হতে পারে।
