Published : 09 Oct 2025, 05:58 PM
র্যাগিংয়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের কিছু শিক্ষার্থী।
অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের ‘প্রহসনের বহিষ্কার মানি না, মানব না’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও এক হও’, ‘এক হও লড়াই কর’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘প্রশাসনের স্বৈরাচারিতা মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
এ সময় অর্থনীতি বিভাগের হাফিজুল ইসলাম বলেন, “বর্তমান প্রশাসন, প্রক্টর শাবিপ্রবিতে নতুন বহিষ্কার-বহিষ্কার নাটক নিয়ে আসছে। উনারা এই নাটকের স্ক্রিপ্ট কার কাছ থেকে লিখে নিয়ে আসছে জানি না। ডিবি হারুনের স্টাইলে তিনি (প্রক্টর) স্ক্রিপ্ট বানান। একেক দিন একেক রকম বক্তব্য দেন। আমরা এই নাটক দেখতে চাই না।

“আপনারা তদন্তের কথা বলেন। তদন্তের নামে আপনারা প্রহসন করেছেন। যদি এই প্রহসনের বহিষ্কার প্রত্যাহার না করেন আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনের দিকে যাব।”
সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, “পুরনো একটি তুচ্ছ ঘটনাকে ইস্যু বানিয়েছে। বিচারের নামে একপ্রকার অবিচার করা হয়েছে। আমরা অতি দ্রুত এইটার একটা মীমাংসা দেখতে চাই।”
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, “এ বিষয়ে দুই বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে উপাচার্য ও আমার একটি বৈঠকে আলোচনা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা যদি বিভাগীয় প্রধানদের পরামর্শের আলোকে আপিল করে তাহলে দ্রুতই পরবর্তী সিন্ডিকেটে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ১২ শিক্ষার্থী এবং পরিসংখ্যান বিভাগের ১৩ শিক্ষার্থীকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।