১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে নিখোঁজের ৩ দিন পর ক্ষেতের আইলে মিলল শিশুর লাশ

বাড়ির দক্ষিণ পাশে জমির আইলের মধ্যে শিশুটির লাশ পড়ে ছিল বলে জানান স্বজনরা।

ময়মনসিংহে নিখোঁজের ৩ দিন পর ক্ষেতের আইলে মিলল শিশুর লাশ
ময়মনসিংহের তারাকান্দা থানা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 04:56 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজের তিন দিন পর আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া রোয়াপাড়া গ্রামের ক্ষেতের আইল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল আলম।

নিহত মো. আব্দুল্লাহ ওই গ্রামের মো. এনামুল হক ও হাফিজা আক্তার দম্পতির ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার সকাল ১০টার দিকে আব্দুল্লাহকে ঘরে রেখে তার মা গরুকে পানি খাওয়াতে যান। পরে ঘরে ফিরে তিনি আব্দুল্লাহকে আর দেখতে পাননি। এরপর পরিবারের লোকজন ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। 

পরবর্তীতে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আশেপাশের বিভিন্ন পুকুরে তল্লাশি চালালেও শিশুটির কোনো সন্ধান পায়নি।

নিখোঁজের তিন দিন পর এদিন সকালে ভিকটিমের বাড়ির দক্ষিণ পাশে হযরত আলী ও নুরুল আমিনের জমির আইলের মধ্যে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চালমান রয়েছে।