মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমি খারিজের চেষ্টা, সাভারে ‘দালালকে’ কারাদণ্ড
ভূমি কার্যালয়ে জমির নামজারি আবেদন শুনানির সময় তাকে আটক করা হয়।
সাভার উপজেলা ভূমি কার্যালয়ে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি (খারিজ) করার সময় এক ‘দালালকে’ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ভূমি কার্যালয়ে জমির নামজারি আবেদন শুনানির সময় তাকে আটক করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন।
কারাগারে যাওয়া আশরাফ উদ্দিন (৫৩) উপজেলার ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন বলেন, “মৃত ব্যক্তিকে জীবিত এবং জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে একাধিক মামলা করেছেন আশরাফ উদ্দিন। মিসকেস শুনানির সময় বিষয়টি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি এ কার্মকাণ্ডের কথা স্বীকার করেন।
“পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করারও নির্দেশ দেওয়া হয়। যাতে এ চক্রে কারা কারা জড়িত রয়েছে, তা বের করা সম্ভব হয়।”
তবে দণ্ড পাওয়া আশরাফ উদ্দিন বলেন, “আমি একা নই, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে ভূমি অফিসের কতিপয় লোকজনও জড়িত রয়েছেন।” তবে একাধিকবার বলার পরও ম্যাজিস্ট্রেটের সামনে সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।
বিকালে আশরাফকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
