কিশোরগঞ্জে স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
রায়ে দুজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কিশোরগঞ্জের ভৈরবে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রেলকর্মী স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীম হাসনাত পারভিন এ রায় ঘোষণা করেন বলে আসামি পক্ষের আইনজীবী লুৎফুর রশীদ রানা জানান।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভৈরব উপজেলার চন্ডিবের উত্তরপাড়া গ্রামের মো. শহিদ মিয়ার মেয়ে রোকসানা এবং একই গ্রামের বাবুল আহম্মেদের ছেলে আসিফ আহমেদ।
রায়ে দুজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, বিয়ের পর রেলকর্মী মাহবুবুর রহমান তার স্ত্রী রোকসানা নিয়ে ভৈরবের চন্ডিবের উত্তরপাড়া এলাকায় নিজস্ব বাসার বসবাস করতেন। তাদের দুটি ছেলে ও একটি মেয়ে-সন্তান জন্মায়।
মাহবুব ঢাকার কমলাপুর স্টেশনে কর্মরত ছিলেন। সাপ্তাহিক ছুটিতে তিনি বাড়িতে যেতেন।
এ সুযোগে রোকসানা একই গ্রামের আসিফ আহম্মেদের সঙ্গে ‘অনৈতিক সম্পর্কে’ জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে তারা দুজন মাহবুবকে হত্যার পরিকল্পনা করেন।
কর্মস্থল থেকে বাড়ি গেলে ২০১৯ সালের ২৭ নভেম্বর রাতে রোকসানা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তার স্বামী মাহবুবকে অচেতন করে ফেলেন।
পরে প্রেমিক আসিফ আহমেদকে নিয়ে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে মাহবুবকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
এরপর ডাকাতরা ঘরে ঢুকে মাহবুবকে হত্যা করেছে বলে প্রচার করা হয়।
এ ঘটনার পর দিন নিহতের ভাই হাবিবুর রহমান অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ভৈরব থানায় হত্যা মামলা করেন।
পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে প্রথমে রোকসানা ও পরে তার আসিফকে গ্রেপ্তার করলে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
মামলায় ২০২০ সালের ৩০ জুন তদন্ত কর্মকর্তা ভৈরব থানার ওসি মো. শাহিন দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী রাখাল চন্দ্র দে এবং আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন লুৎফুর রশীদ রানা ও অশোক সরকার।
