২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলছিল বাড়ির উঠানে, কাশবনে মিলল গলাকাটা মরদেহ

পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

খেলছিল বাড়ির উঠানে, কাশবনে মিলল গলাকাটা মরদেহ
প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2024, 09:38 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার সাফলিডাঙ্গা গ্রামের বালুচরের কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান।

মৃত ৪ বছর বয়সী অপূর্ব টিকাদার সাফলিডাঙ্গা গ্রামের কৃষক তাপস টিকাদারের ছেলে। তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।  

প্রত্যক্ষদর্শীরা জানান, অপূর্ব বাড়ির উঠানে খেলছিল। কোন এক সময় সে বাড়ির বাইরে চলে যায়। এ সময় অপূর্বর মা পলি টিকাদার বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। ছেলেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উঠানে না দেখে খুঁজতে বের হয়। কোথাও না পেয়ে পাড়া-প্রতিবেশীকে বিষয়টি জানান।

সবাই বাড়ির আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ও গ্রামবাসী বাড়ির পাশের বালুচরের কাশবনে খুঁজতে গেলে সেখানে গলাকাটা অবস্থায় মরদেহটি দেখতে পায়।   

নিহতের খালা লাবনী মণ্ডল বলেন, “আমার বোন ও তার স্বামী কৃষিকাজ করে সংসার চালায়। ওদের দুইটি সন্তান। ওরা নিরীহ, কোন শত্রু নেই। তারপরও কেন এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না।”

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটি সন্ধ্যার আগ থেকে নিখোঁজ রয়েছে এমন খবর রাত সাড়ে ৯টায় পুলিশ পায়। সেখানে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বাড়ির পাশে বালুচরের কাশবনে খুঁজতে গেলে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পাই।”

ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় নিহতের বাবা তাপস টিকাদার কাশিয়ানী থানায় একটি অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণে ঘটনাটি ঘটতে পারে। ইতোমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।”