নবজাতককে হত্যা করে খালে, মাসহ চারজন গ্রেপ্তার
“ধারণা করা হচ্ছে, বিবাহবর্হিভূত সম্পর্কের জেরে শিশুটিকে হত্যা করা হতে পারে।”
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যায় জড়িত সন্দেহে মাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নিহত ২২ দিন বয়সী শিশুটির মা মিতা খাতুন (২৫), মিতার চাচাতো ভাই সেরেবুল ইসলাম (২৮), চাচা সাইদুল ইসলাম (৫০) এবং ভাবি চাঁদনী খাতুন (৩৫)।
পুলিশ জানায়, আট মাস আগে দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি গ্রামের বাসিন্দার রাজুর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মিতা খাতুনের। ৭ মে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। এরপর সন্তান নিয়ে তিনি বাবার বাড়ি আসেন।
সোমবার মিতা খাতুন তার শিশু কন্যা নিখোঁজ জানিয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ঘটনাটি তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে মিতা খাতুন তার শিশু চুরির বিষয়ে স্বামী রাজুকে সন্দেহ করেন। পুলিশ মিতাকেও জিজ্ঞাস করে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, বিবাহবর্হিভূত সম্পর্কের জেরে শিশুটিকে হত্যা করা হতে পারে। কারণ, বিয়ের আগেই মিতা গর্ভবতী ছিলেন বলে মনে হচ্ছে।”
জি কে পানি নিষ্কাশন খাল থেকে উদ্ধার করা শিশুটির অর্ধগলিত মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
