Published : 19 Aug 2026, 06:33 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে।
বুধবার সকালে তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয় বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।
আটক পাঁচজন হলেন- ভারতের হাওড়া জেলার রাজাপুর থানার সুতায়পুর গ্রামের রায়হান হোসেন (২০), বাগেরহাটের শরণখোলা উপজেলার খুন্তাকাটা গ্রামের আব্দুশ শুকুর খান (২৪), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোল্লাভর গ্রামের নয়ন আক্তার (২১), মৌলভীবাজার সদর থানার মোজফফরাবাদ গ্রামের শারমিন আক্তার রুমি (২৪) ও তার চার বছরের মেয়ে।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকালে বেনীপুর সীমান্ত দিয়ে ওই পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা হয়। সকাল ১০টার দিকে এসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বেনীপুর গ্রামের তিনরাস্তা মোড়ে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন ওই পাঁচজনকে পুশইনে সহায়তা করেছিলেন।
তারা হলেন- জীবননগরের বেনীপুর ঘোষপাড়ার হাসিবুর রহমান হাসিব (২০) ও বেনীপুর মাঠপাড়ার আসমাউল হোসেন (১৯)।
ওসি সোলায়মান শেখ বলেন, “আটক ব্যক্তিরা বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(গ) ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।”
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।”