Published : 11 Jul 2026, 10:54 PM
দাওয়াতপত্রে নাম থাকলেও মতবিনিময় সভার ব্যানারে নাম না থাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের-কেডিএ সভা বর্জন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা।
শনিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে বলে জানান খুলনা নগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান।
জামায়াত নেতাদের অভিযোগ, সভার আমন্ত্রণপত্রে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের নাম থাকলেও অনুষ্ঠানের ব্যানারে তাদের নাম রাখা হয়নি। এ কারণে তারা সভা থেকে বেরিয়ে যান।
সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নাম এবং বিশেষ অতিথি হিসেবে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবির নাম ব্যানারে ছিল। তবে তারা কেউ সভায় উপস্থিত ছিলেন না। পরে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানকে প্রধান অতিথি করা হয়।
খুলনা নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম বলেন, “দাওয়াতপত্রে আমাদের দুই সংসদ সদস্যের নাম ছিল। কিন্তু ব্যানারে তাদের নাম রাখা হয়নি। বিষয়টি জানানোর পর কেডিএ কর্মকর্তারা ব্যানার পরিবর্তনের কথা বলেছিলেন। কিন্তু এক ঘণ্টার বেশি সময়েও তা পরিবর্তন না করায় আমরা সভা থেকে চলে আসি।”
তিনি বলেন, “এটি নির্লজ্জ দলীয়করণের উদাহরণ। বিদেশে থাকা এমপিদের নামও ব্যানারে আছে, অথচ যে আসনে অনুষ্ঠান সেই খুলনা-২ আসনের এমপির নাম নেই। খুলনা-৬ আসনের এমপির নামও নেই।”
খুলনা নগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “দাওয়াতপত্রে দুই সংসদ সদস্যের নাম থাকলেও ব্যানারে তা বাদ দেওয়া হয়েছে।”
তবে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা বলেন, কর্মকর্তাদের ভুলের কারণে নাম দুটি বাদ পড়েছিল। বিষয়টি জানার পর তিনি নাম যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এর আগেই জামায়াত নেতারা সভা ছেড়ে চলে যান।
জামায়াত নেতারা সভা বর্জন করলেও পরে মতবিনিময় সভা স্বাভাবিকভাবে শেষ হয়।
কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান উপস্থিত ছিলেন।