২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দিনভর ভোগান্তি, বিকালে এক ফিলিং স্টেশনে বিক্রি শুরু

জ্বালানি সংকটকে কেন্দ্র করে কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটে।

গাইবান্ধায় দিনভর ভোগান্তি, বিকালে এক ফিলিং স্টেশনে বিক্রি শুরু
গাইবান্ধা শহরের একটি ফিলিং স্টেশন তেল নিতে মোটরসাইকেল চালকদের ভিড়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 09:44 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ না থাকায় গাইবান্ধার ১৭টি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ পরিবহন সংশ্লিষ্টরা। এ সংকটকে কেন্দ্র করে কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটে।

সংকট নিরসনে জেলা প্রশাসন পাম্প মালিকদের সঙ্গে জরুরি বৈঠকের পর বিকালে শহরের একটি ফিলিং স্টেশনে তেল বিক্রি শুরু হয়। দিনভর ভোগান্তির পর কিছুটা স্বস্তি নামে চালকদের মাঝে।

তেল সরবরাহ পাওয়ায় সোমবার বিকালে প্রশাসনের তত্ত্বাবধানে একটি পাম্পে তেল বিক্রি শুরু করার কথা বলেছেন গাইবান্ধা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান উজ্জ্বল।

ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার ১৭টি পাম্পে প্রতিদিন প্রায় সাত হাজার লিটার পেট্রোল, চার হাজার লিটার অকটেন এবং ৩২ হাজার লিটার ডিজেলের চাহিদা রয়েছে। তবে গত কয়েক দিনে সরবরাহ এসেছে অর্ধেকেরও কম। ফলে পাম্পগুলোতে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব হয়নি।

শহরের রহমান ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জুয়েল মিয়া বলেন, “প্রথমে মোটরসাইকেলে ২০০ টাকার তেল দেওয়া হলেও পরে তা ১০০ টাকায় নামিয়ে আনা হয়। তেল একেবারে শেষ হয়ে যাওয়ায় পাম্প বন্ধ করতে হয়।”

পাম্প মালিকদের দাবি, জেলার বাইরের এলাকা থেকে অতিরিক্ত মোটরসাইকেল আসা, আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ এবং মজুদ করার প্রবণতা সংকটকে তীব্র করেছে। এরসঙ্গে চাহিদার তুলনায় অর্ধেক সরবরাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তেল পাওয়ার আশায় শহরের বিভিন্ন পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মোটরসাইকেল চালকদের। অনেকেই দীর্ঘ অপেক্ষার পর খালি হাতে ফিরে গেছেন।

ভুক্তভোগী বাইকার সাগর মিয়া বলেন, “সরকার বলছে তেলের ঘাটতি নেই, কিন্তু বাস্তবে সব পাম্প বন্ধ। আমরা চরম বিপদে আছি।”

আরেক গ্রাহক সিয়াম আহমেদ বলেন, “তিন দিন গাড়ি বের করি নাই। আজ বের হয়ে চারটি পাম্প ঘুরেও কোথাও তেল পেলাম না।”

তার অভিযোগ, সংকটের সুযোগে খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি হচ্ছে। প্রতি লিটার তেল ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে বলে দাবি এ গ্রাহকের।

গাইবান্ধা নাগরিক কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু বলেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে জেলার পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে। আর এতে জনদুর্ভোগ আরও বাড়বে।

জ্বালানি সংকট ঘিরে উত্তেজনা-হামলা

শহরের দাড়িয়াপুর রোডের একটি ফিলিং স্টেশনে তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকদের হামলায় দুই কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে মাথায় আঘাত পাওয়া একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন বেলা ২টার দিকে তেল না পেয়ে বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার জে পি ফিলিং স্টেশনের সামনে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা উজ্জ্বল বলেন, তেল না থাকায় জেলার ১৭টি পাম্প বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে জেলা প্রশাসক পাম্প মালিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বেলা সাড়ে ৩টার দিকে শুরু হওয়া এ বৈঠকে সংকটের কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।

পরে তেল সরবরাহ পাওয়ায় বিকালে প্রশাসনের তত্ত্বাবধানে শহরের এস এ কাদির অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে তেল বিক্রি শুরু করা হয় বলে জানান তিনি। 

এ বিষয়ে জানতে গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।