কুড়িগ্রামে ইয়াবাসহ ২ ‘মাদক বিক্রেতা’ গ্রেপ্তার
এক হাজার ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, বুধবার আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার বিকালে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়ক এলাকা থেকে রফিকুল ইসলাম (৪৮) ও সুরুজ আলীকে (৩১) গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি নাটোর জেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, নাগেশ্বরী থানার পুলিশের একটি দল গোপন সংবাদে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এএসপি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
