গোপালগঞ্জে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত
হাসপাতালে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী এক ব্যক্তি ও তার আট বছরের ভাগ্নের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী হাইওয়ে থানার ওসি মো. আবুল হোসেন মজুমদার জানান।
নিহতরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১)ও তার ভাগ্নে খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের মাসুদ মোল্লার ছেলে হুসাইন মোল্লা (৮)।
হুসাইন মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সে থেকে পড়ালেখা করতো।
এ ঘটনায় আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আবুল হোসেন বলেন, বেলা ১২টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ইজিবাইককে জোরে ধাক্কা দেয়।
“ইজিবাইকটি সংযোগ সড়ক থেকে হাইওয়েতে উঠতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় আট যাত্রী আহত হন।”
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
