১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

“তাদের পরিবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা এলে মুচলেকা নিয়ে দশ জনকে হস্তান্তর করা হবে।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 10:46 AM

Updated : 26 Aug 2026, 01:33 PM

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা দিয়ে দশ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

রোববার বিকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হাতিপাগার ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল লতিফের কাছে ভারতের ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার শেখ বশির আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করেন বলে নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান। 

তাদের মধ্যে ছয় জনই শিশু। গত ৬ অগাস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

ওসি সোহেল রানা বলেন, বিজিবির কাছে হস্তান্তর করা দশ বাংলাদেশির সবাই রাজশাহী জেলার বাসিন্দা। মানবিক কারণে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য রাতেই নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে বিবিজি। 

“তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা এলে মুচলেকা নিয়ে দশ জনকে হস্তান্তর করা হবে।” 

তবে তারা কোন এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল এবং কোন এলাকায় ছিলেন সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি এ পুলিশ কর্মকর্তা।