২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বাড়ির উঠানে পড়ে ছিল বৃদ্ধার গলাকাটা লাশ

স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 10:35 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। 

শুক্রবার দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকার একটি বাড়ির উঠান থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয় বলে জানান কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান।

নিহত দেলোয়ারা বেগম ওরফে দুলালী (৬৫) ওই এলাকার প্রয়াত জমসের আলীর স্ত্রী।

গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন, ওই বৃদ্ধার দুই ছেলে-মেয়ে। তারা কেউ বাড়িতে থাকেন না। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। সকালে বৃদ্ধা তার মেয়ে জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরেন।

বেলা ১২টার দিকে গ্রামের অদূরে ওই বৃদ্ধা তার মামাতো ভাইয়ের বাড়ি থেকে দুপুরের খেয়ে বাড়ি ফেরেন। জুম্মার নামাজ শেষে ফেরার পথে এলাকার লোকজন ওই বৃদ্ধার বাড়ির দরজা খোলা দেখে তাকে ডাকতে থাকেন। সাড়া না পেয়ে কয়েকজন বাড়িতে ঢুকে উঠানে বৃদ্ধার গলাকাটা লাশ দেখে থানায় খবর দেন।

ওই গ্রামের বাসিন্দা শরিফুল আলী বলেন, দুলালী বেগম খুব ভালো মনের মানুষ ছিলেন। কারো সঙ্গে ঝগড়া বিবাদ করতেন না। সবার সঙ্গে হাসি-খুশিভাবে কথা বলতেন। তার হত্যার বিচার চাই।

ওসি লুৎফর রহমান বলেন, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইনভেস্টিগেশনের একটি দল সুরতহাল শেষে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।