২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চায়: মহাসচিব

সোমবার বিকালে মনোনয়নপত্র জমা দিয়ে শামীম হায়দার পাটোয়ারী একথা বলেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 05:41 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

নিরাপত্তা, ভোটাধিকার, ভোটের মাঠে সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করে জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সোমবার বিকালে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন, “যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, প্রার্থীদের নিরাপত্তা থাকে, ভোটারদের নিরাপত্তা থাকে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নিশ্চিতে ভোট দিতে পারবে- এই আশ্বাস, এই গ্যারান্টি যদি পাই, তাহলে জাতীয় পার্টি শেষ পর্যন্ত ভোটে থাকবে।

“তবে আমরা অনুভব করছি, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এ রকম অভিযোগ আমরা পেয়েছি। এসব বিষয়ে তদন্ত হচ্ছে। যদি এই রকম অবস্থা চলমান থাকে। তখন আমাদের পার্টির ভেতর থেকে প্রচন্ড চাপ আসবে নির্বাচন থেকে সরে যাওয়ার।”

জাপা মহাসচিব বলেন, “আমরা শেষ পর্যন্ত নির্বাচন করতে চাই। সরকার ও নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা, ভোটাধিকার, সমান অধিকার ও মর্যাদার অধিকার নিশ্চিত করতে হবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-৪ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপা মহাসচিব। তিনি গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ ছাড়া গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। 

শামীম হায়দার পাটোয়ারী আশঙ্কা প্রকাশ করে বলেন, “রাতের ভোট যেন না হয়, মিডিয়া ক্যু যেন না হয়, পূর্ব নির্ধারিত ফলাফলের ভোট যেন না হয়- এমনটিই আমরা আশা করি। আজকে বাংলাদেশে রাজনৈতিক সংকট। বর্তমান সরকার যদি একটি সুষ্ঠু ভোট করতে পারে, তাহলে সংকট সমাধানের পথের দিকে বাংলাদেশ যাবে। আর যদি সুষ্ঠু ভোট করতে না পারে সংকট আরও ঘনীভূত হবে।”